আদর্শ ওজন কী?

বর্তমান সময়ে আমরা প্রায়ই  আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি  নিজেকে প্রশ্ন করি , আমার ওজন কি ঠিক আছে! কেউ মনে করি আমি মনে হয়  বেশি মোটা, কেউ ভাবি আমি মনে হয় বেশি রোগা। আদর্শ ওজন কি বা আদর্শ  ওজন   বলতে আসলে ঠিক কী বোঝায়, এটা অনেকেই পরিষ্কারভাবে জানি  না। আজকে আদর্শ ওজন নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। 

আদর্শ ওজন বের করতে Ideal Weight Calculator ব্যবহার করুন 

আদর্শ ওজন কী?

অনেকেই  আমরা মনে করি , আদর্শ ওজন মানেই বুঝি একদম শুকিয়ে চিকন  পাতলা হয়ে যাওয়া। অথবা  যেকোনো উপায়ে ওজন কমিয়ে জিরো ফিগার বা স্লিম করে ফেলা ।  আসলে এটি  আদর্শ ওজন নয় ,আদর্শ ওজন হলো আপনার শরীরের এমন  অবস্থা, যেখানে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ—হৃদপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি—সবচেয়ে সহজভাবে কাজ করতে পারে। সহজ কথায়, যে ওজন আপনাকে সুস্থ রাখে, দীর্ঘায়ু হতে সাহায্য করে এবং প্রতিদিনের কাজে ভরপুর এনার্জি যোগায়, সেটাই আপনার আদর্শ ওজন।

কেন আদর্শ ওজন বজায় রাখা এত গুরুত্বপূর্ণ?

আদর্শ ওজন  দীর্ঘমেয়াদে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ—হৃদযন্ত্র, ফুসফুস, হাড়, জয়েন্ট, এমনকি মস্তিষ্কও—একটি নির্দিষ্ট ওজনের মধ্যে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে। সঠিক ওজন বজায় রাখলে শরীরের ভেতরে এমন অনেক ইতিবাচক পরিবর্তন ঘটে, যা হয়তো বাইরে থেকে সবসময় বোঝা যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক ওজন বজায় রাখলে শআপনি যে  সুবিধাগুলো পাবেন, তা নিচে দেওয়া হলো:

দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে

অতিরিক্ত ওজন শরীরে অতিরিক্ত চর্বি জমার কারণ, বিশেষ করে পেটের চারপাশে জমা চর্বি সবচেয়ে বেশি ক্ষতিকর। এটি ধীরে ধীরে হৃদরোগ, স্ট্রোক, টাইপ–২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভারের মতো নীরব কিন্তু মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। ওজন নিয়ন্ত্রণে থাকলে হৃদযন্ত্রকে অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হয় না, রক্তচাপ স্বাভাবিক থাকে এবং শরীর ইনসুলিন আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে। ফলে দীর্ঘমেয়াদি জটিল রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।

হাড় ও জয়েন্ট ভালো থাকে

আমাদের শরীরের প্রায় পুরো ভর বহন করে হাঁটু, কোমর, গোড়ালি ও মেরুদণ্ডের জয়েন্টগুলো। ওজন বেশি হলে এই জয়েন্টগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা ধীরে ধীরে ক্ষয়, ব্যথা ও বাতের সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে হাঁটু ব্যথা, কোমর ব্যথা  হওয়ার পেছনে অতিরিক্ত ওজন একটি বড় কারণ। আদর্শ ওজন বজায় রাখলে জয়েন্টের ওপর চাপ কম থাকে এবং বয়স বাড়লেও চলাফেরা স্বাভাবিক রাখা সহজ হয়।

ঘুম ও শ্বাসপ্রশ্বাস ভালো থাকে

অতিরিক্ত ওজনের কারণে অনেকের ঘুমের মধ্যে শ্বাস আটকে যাওয়ার সমস্যা বা Sleep Apnea দেখা দেয়। এতে রাতে ঠিকমতো ঘুম হয় না এবং সকালে ঘুম ভাঙলেও শরীর ক্লান্ত লাগে। ওজন স্বাভাবিক থাকলে শ্বাসপ্রশ্বাস সহজ হয়, ঘুম গভীর ও স্বস্তিদায়ক হয় এবং দৈনন্দিন কাজের সময় অল্পতেই হাঁপিয়ে ওঠার প্রবণতা কমে যায়।

শরীরে শক্তি ও কর্মক্ষমতা বাড়ে

একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ ওজন শরীর হালকা ও প্রাণবন্ত রাখে। তখন দৈনন্দিন কাজ করতে কম ক্লান্তি লাগে, হাঁটাচলা সহজ হয় এবং শরীরে এনার্জি বেশি অনুভূত হয়।এছাড়া শারীরিকভাবে ফিট থাকলে মানসিক আত্মবিশ্বাসও বাড়ে। নিজের কাজের প্রতি মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়, যা ব্যক্তিগত জীবন, পড়াশোনা  কর্মক্ষেত্র—সব জায়গাতেই ইতিবাচক প্রভাব ফেলে।

মানসিক স্বাস্থ্যের ওপরও ভালো প্রভাব পড়ে

ওজন নিয়ন্ত্রণে থাকলে  নিজেদের নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস অনুভব হয় । নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে আরও প্রফুল্ল রাখে।

আদর্শ ওজন কিভাবে বের  করবো ?

আপনি চাইলে আমাদের আদর্শ ওজন ক্যালকুলেটর ব্যবহার করেও  আদর্শ ওজন বের করতে পারেন। 

                 আদর্শ ওজন ক্যালকুলেটর

আদর্শ ওজন বের  করার জন্য অনেক  পদ্ধতি রয়েছে। এর মধ্যে সহজ এবং সবচেয়ে বেশি   ব্যবহৃত পদ্ধতি হলো BMI (Body Mass Index)। আরো অনেক পদ্ধতি আছে কিন্তু পুষ্টিবিদরা মানুষের ওজন স্বাভাবিক, কম নাকি বেশি  বোঝার জন্য এটি   বেশি ব্যবহার করেন।

এছাড়াও Devine, Robinson, Miller এবং Hamwi Formula-এর মতো আরও কিছু পদ্ধতি আছে , যেগুলো  উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন অনুমান করতে ব্যবহার করা হয় ।

তবে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা  ও সহজ পদ্ধতি হলো BMI (Body Mass Index)।

আদর্শ ওজন বের করতে Ideal Weight Calculator ব্যবহার করুন 

আদর্শ ওজন থেকে বিচ্যুত হলে কী হয়?

ওজন বেশি হওয়া যেমন চিন্তার, তেমনি অতিরিক্ত কম হওয়া আশঙ্কাজনক। 

ওজন যদি আদর্শ সীমার চেয়ে বেশি হয় (অতিরিক্ত ওজন ও স্থূলতা):

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে

অতিরিক্ত ওজনের কারণে রক্তে খারাপ কোলেস্টেরল ও চর্বির পরিমাণ বাড়তে পারে। যা  ধীরে ধীরে  চর্বি রক্তনালির ভেতরে জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। যার  ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি  বেড়ে যায়।

টাইপ–২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে,

অতিরিক্ত ওজন শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয় এবং টাইপ–২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

হাঁটু, কোমর ও জয়েন্টের সমস্যা হয়

আমাদের শরীরের প্রায়  সব  ভর বহন করে হাঁটু, কোমর ও পায়ের জয়েন্টগুলো। ওজন বেশি হলে এসব জায়গায় অতিরিক্ত চাপ পড়ে। ফলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্ট ক্ষয় এবং আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। অনেকের অল্প হাঁটলেই ক্লান্তি বা ব্যথা অনুভব হয়।

ঘুম ও শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়

অতিরিক্ত ওজনের কারণে অনেকের ঘুমের মধ্যে শ্বাস আটকে যাওয়ার সমস্যা বা Sleep Apnea দেখা দেয়। এতে রাতে ঘুম বারবার ভেঙে যায় এবং সকালে ঘুম থেকে উঠেও শরীর ক্লান্ত লাগে। এছাড়া অল্প কাজেই হাঁপিয়ে ওঠা বা শ্বাসকষ্টের প্রবণতাও বাড়তে পারে।

লিভার ও হরমোনের ওপর প্রভাব পড়ে

ওজন বেশি হলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে।  শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হতে পারে, যা নারীদের মাসিক সমস্যা বা পুরুষদের বিভিন্ন হরমোনজনিত সমস্যার কারণ হতে পারে।

কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে

গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন অতিরিক্ত ওজন থাকলে কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।

২. ওজন যদি আদর্শ সীমার চেয়ে কম হয় (স্বল্প ওজন বা আন্ডারওয়েট):

 আদর্শ সীমার অনেক নিচে ওজন নেমে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং নানা স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

কম ওজন শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং সহজেই সর্দি, জ্বর বা বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয় ।

হাড় দুর্বল হয়ে যায়

দীর্ঘদিন  ওজন কম থাকলে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি হতে পারে। এতে হাড়ের ঘনত্ব কমে গিয়ে অস্টিওপরোসিস বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।

দুর্বলতা ও ক্লান্তি অনুভূত হয়

শরীরে পর্যাপ্ত শক্তি না থাকলে সারাদিন দুর্বলতা, ক্লান্তি ও অবসাদ অনুভূত হতে পারে। অল্প কাজেই শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়।

নারীদের মাসিক অনিয়মিত হতে পারে

অতিরিক্ত কম ওজন নারীদের হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। ফলে মাসিক অনিয়মিত হওয়া বা কখনও বন্ধ হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।

পেশি ক্ষয় হতে পারে

কম ওজনে শরীর প্রয়োজনীয় শক্তির জন্য পেশি ভাঙতে শুরু করতে পারে। এতে শরীর আরও দুর্বল হয়ে যায় এবং শারীরিক কর্মক্ষমতা কমে যায়।


আদর্শ ওজন থেকে খুব বেশি উপরে বা নিচে—দুই অবস্থাই শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত শুধু ওজন কমানো বা বাড়ানো নয়, বরং এমন একটি স্বাস্থ্যকর অবস্থা  বজায় রাখা যেখানে শরীর, মন ও দৈনন্দিন জীবন—সবকিছু ভালো থাকে।

সাধারণ ভুল ধারণা

অনেকে মনে করেন  রোগা মানেই সুস্থ এটি সম্পূর্ণ ভুল। অনেক রোগা মানুষের শরীরে চর্বির শতাংশ বেশি থাকতে পারে (যাকে বলা হয় Skinny Fat), কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এদের স্বাস্থ্যঝুঁকিও কিন্তু কম নয়। আরেকটি ভুল ধারণা ওজন কমানো মানেই ক্রাশ ডায়েট"। হঠাৎ খুব কম খেলে ওজন দ্রুত কমলেও এটি পেশি ভেঙে হয়, চর্বি কমিয়ে না ।  শরীর এতে দুর্বল হয় যায়  এবং পরে আবার দ্রুত ওজন ফিরে আসে। অনেকে আবার ভাবেন "একবার আদর্শ ওজনে পৌঁছে গেলেই কাজ শেষ" — কিন্তু আসলে আদর্শ ওজন বজায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটি একটি চলমান প্রক্রিয়া।

কখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন?

নিজে নিজে হিসাব করে একটা ধারণা পাওয়া গেলেও কিছু ক্ষেত্রে অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের সাথে কথা বলা উচিত। যদি ৬ মাসের মধ্যে কোনো কারণ ছাড়াই ১০ শতাংশের বেশি ওজন কমে বা বাড়ে, তাহলে সেটি সতর্কসংকেত। দীর্ঘদিন চেষ্টা করেও ওজন না কমলে অথবা কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে (যেমন ডায়াবেটিস, থাইরয়েড বা হৃদরোগ), তখন বিশেষজ্ঞের গাইডলাইন মেনে চলা অপরিহার্য।

সম্পর্কিত নিবন্ধ